বার্তা সংস্থা আবনা : সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা প্রতিবেশি দেশ লেবাননের হেরমেল শহর লক্ষ্য করে অন্তত ১২টি রকেট নিক্ষেপ করেছে। এতে একজন নিহত ও বেশ কয়েজন আহত হয়েছে।
প্রেস টিভি জানিয়েছে, মঙ্গলবার শেষ বেলায় লেবাননের বেকা উপত্যকার হেরমেল শহরে এসব রকেট আঘাত হানে।
লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, রকেট হামলায় কিছু ঘর-বাড়ির মারাত্মক ক্ষতি হয়েছে। কয়েকটি কৃষি খামারে আগুন ধরে গেছে।
সম্প্রতি সিরিয়ার সেনবাহিনী দেশটির লেবানন সীমান্তবর্তী কুসাইর শহরসহ আরো কিছু এলাকা বিদ্রোহীদের দখলমুক্ত করে। এসব অভিযানে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিযবুল্লাহ সিরিয় সেনাবাহিনীকে সহযোগিতা করে।
এ কারণে হিযবুল্লাহর প্রতি ক্ষোভ থেকে বিদ্রোহীরা লেবাননে এসব রকেট নিক্ষেপ করে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
এর আগে গত ২৫ মে হিযবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ সিরিয়ায় তার যোদ্ধাদের ততপরতার পক্ষে কথা বলেন। তিনি জানান, সিরিয়ার বিদ্রোহীরা লেবাননের জন্য হুমকি হয়ে পড়ায় এ যুদ্ধে জড়ানো ছাড়া হিযবুল্লাহর আর কোনো উপায় ছিল না।